এই মুহূর্তে জেলা

ওভারটেক করতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশকর্মী।

উঃ২৪পরগনা , ৭ জুলাই:- একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশকর্মী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। ডিউটি শেষে প্রত্যেকেরই বাড়ি ফেরার একটা তাড়া থাকে। এর ব্যতিক্রম ঘটেনি ওই দুই পুলিশকর্মীর ক্ষেত্রেও। সোমবার রাত ৯ টার সময় কাজ সেড়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। যাচ্ছিলেন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। সেখানে একটি বড় গাড়িকে ওভারটেক করতে গিয়েই নিজেদের বিপদ নিজেরা ডেকে আনেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,

নিহতদের মধ্যে একজন খড়দহ থানার সাব ইন্সপেক্টর মানিকলাল দত্ত (৪৪), অপরজন তাঁর শ্যালক অগ্নিভ পাল (২৬)। তিনি ব্যারাকপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। দুজনেই ভাটপাড়ার বাসিন্দা। ব্যারাকপুরের কুণ্ডুবাড়ি মোড়ের কাছে তাঁরা গাড়িটিকে ওভারটেক করতে গেলে সজোরে ধাক্কা লাগে বাইকের সঙ্গে। ঘটনাচক্রে ছিঁটকে পড়ে যান দুজনেই। এরপর গাড়িটি তাঁদের পিষে দিয়ে চলে যায়। বিষয়টি প্রথম স্থানীয়দের নজরে পড়ে। তারাই পুলিশে খবর দেন। ঘাতক গাড়ির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনায় প্রশ্নের মুখে রাস্তার বেহাল দশা ও প্রশাসনের উদাসীনতা।