সুদীপ দাস , ৭ জুলাই:- রোদ , ঝড়, জল , বৃষ্টি টানা কয়েকদিন ধরে এসবকে মাথায় নিয়েই বেঁচে রয়েছেন তিনি। ঠিকানা ব্যান্ডেল দেবানন্দপুরে সরস্বতী নদীর ব্রিজ। কথা বলে বোঝা যায় সত্তরোর্দ্ধ ওই ব্যাক্তি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছেন। তবে নিজের নাম-ঠিকানা কিন্তু তিনি এককথায় বলছেন। নাম জিজ্ঞাসা করতেই বৃদ্ধের উত্তর রবিলাল মুর্মু। এবং কোথায় থাকেন বলতে তাঁর উত্তর বৈঁচির হাতনি গ্রাম। হুগলির পান্ডুয়া থানার বৈঁচিতে হাতনি বলে সত্যিই জায়গা রয়েছে। তবে কিভাবে এলেন বলতেই তিনি কখনো বলছেন জানি না, আবার কখনো বলছেন কেউ গাড়ি করে নিয়ে এসে ফেলে দিয়ে গেছেন। পরনে শুধু একটুকরো গামছা আর সঙ্গে একটি ছেঁড়া লুঙ্গি।
সারাদিন ওই ব্রিজের উপর দিয়ে বহু মানুষ গেলেও কারোরই সেভাবে নজর নেই তাঁর দিকে। তবে কেউ-কেউ কখনও সখনও বিস্কুট কিংবা খাবার দিয়ে যান। তা খেয়েই কয়েকদিন ধরে খোলা আকাশের নীচে দিন গুজড়াচ্ছেন ওই ব্যাক্তি। স্থানীয়দের বক্তব্য একবার পুলিশ এসে ছবি তুলে নিয়ে গেলেও কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। ফলে সেখানেও পরে রয়েছেন অসহায় ওই বৃদ্ধ। স্থানীয়ের কারোর ইচ্ছা থাকলেও করোনার ভয়ে তাঁর সামনে যেতে পারছেন না। ফলে টানা কয়েকদিন ধরে ওই পথভোলা পথিকই রয়ে গেছেন! সারাদিন আকাশের নীচে ব্রিজের ফুটপাথের উপর বসে মানসিক ভারসাম্যহীন ওই ব্যাক্তি রয়েছেন ওঁনার পৃথিবীতেই !








