হুগলি, ৭ অক্টোবর:-মঙ্গলবার চন্দননগরে রঙ্গোলি উৎসবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। চন্দননগর মহকুমা আদালতের আইনজীবীদের মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় বুধবার চন্দননগর থানায় অভিযোগ দায়েরের কথা ছিল আইনজীবীদের। আইনজীবীদের অভিযোগ, এদিন সকালেই ওই আদালতের বরিষ্ঠ আইনজীবী শৈলেন বড়ের হরিপালের বাড়িতে চড়াও হন শ’খানেক দুষ্কৃতী। অভিযোগ হলে তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এর প্রতিবাদেই এ দিন বিকেলে জেলার আইনজীবীরা চুঁচুড়া পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখান। চন্দননগরের কমিশনারের কাছে গোটা ঘটনার উল্লেখ করে স্মারকলিপি দেওয়া হয়। মঙ্গলবার ঘটনার পর থেকেই চন্দননগর আদালতে তিনদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। হরিপালের ঘটনায় কাল, বৃহস্পতিবার চুঁচুড়ায় জেলা আদালতের সমস্ত আইনজীবীরাও কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।












