হুগলি, ১৮ জুন :- বৃহস্পতিবার হুগলি জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরী এবং চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। বৈঠকে আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলিতে প্রধানমন্ত্রীের বিশেষ সফর সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি ২১ জুন বিশ্ব যোগা দিবস উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচির কথাও জানানো হয়। জেলাশাসক ও পুলিশ কমিশনার যৌথভাবে জেলার সকল নাগরিককে বিশ্ব যোগা দিবসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এদিন তাঁরা যোগা দিবসের জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করার অনুরোধও করেন, যাতে অধিক সংখ্যক মানুষ এই স্বাস্থ্যসচেতনতা ও সুস্থ জীবনযাপনের উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারেন। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ দিবস ও বিশ্ব যোগা দিবস—উভয় অনুষ্ঠানই সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বতোভাবে প্রস্তুত রয়েছে। জেলার সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই এই কর্মসূচিগুলিকে আরও সফল করে তুলবে বলে আশা প্রকাশ করা হয়।









