কলকাতা, ৭ জুলাই:- পেট্রোল- ডিজেল বিক্রি করে কেন্দ্র সরকার রাজ্য থেকে তিন লক্ষ ৭১ হাজার কোটি টাকা আয় করলেও অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে তারা সাধারণ মানুষের কথা ভাবছে না বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। চলতি অর্থবছরের বাজেটের উপরে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন গত এক বছরে গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২৭৬ টাকা বেড়েছে। গত ১৪ মাসে দাম ৪৭ শতাংশ বেড়েছে বলে তিনি অভিযোগ করেন। উজ্জ্বলা যোজনা নিয়ে কেন্দ্র সরকার নাটক করছে বলেও তিনি জানান।
এইসব নিয়ে কেন্দ্রকে চিঠি দিলেও ইচ্ছাকৃতভাবে তারা চিঠির কোনো জবাব দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। বর্তমান অবস্থায় রাজ্যে এক দশমিক দুই শতাংশ জিডিপি বৃদ্ধি হয়েছে বলেও তিনি জানিয়েছেন। জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে রাজ্য সরকার পরিবহনে কিছুটা ছাড় দিতে পয়লা জুলাই থেকে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া পেট্রোল-ডিজেলের দাম এর উপরে রাজ্যের যে সেশ থাকে সেটিও ছাড় দেওয়া হবে বলে তিনি জানান।








