কলকাতা, ৭ জুলাই:- রাজ্য সরকার গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের বাজেটে কুড়ি শতাংশরও বেশি অর্থ বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ বিধানসভায় বাজেট পেশের পর একে জনমুখী বাজেট উল্লেখ করে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন গত অর্থবছরে রাজ্যে যেখানে দুই লক্ষ ৫৫ হাজার ৬৭৭ কোটি টাকার বাজেট ছিল চলতি অর্থবছরে তা বেড়ে ৩ লাখ আট হাজার ৭২৭ কোটি টাকা হয়েছে। গত অর্থবছরে কেন্দ্র সরকার রাজ্যের জন্য বরাদ্দের চৌদ্দ হাজার দুইশো পঁচিশ কোটি টাকা দেয়নি বলে তিনি অভিযোগ করেন। বর্তমান পরিস্থিতিতে দেশে যেখানে রাজস্ব ঘাটতির পরিমাণ ছিল নয় দশমিক তিনি শতাংশ সেখানে বাংলায় ঘাটতি মাত্র তিন দশমিক ৮৬ শতাংশ বলে মুখ্যমন্ত্রী জানান।
একশো দিনের কাজ প্রকল্পে এক কোটি ১৮ লক্ষ মানুষকে কাজ দিয়ে রাজ্য শীর্ষস্থান দখল করেছে বলেও মুখ্যমন্ত্রী এ দিন জানান। কোভিড পরিস্থিতি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “টিকা তো বাজারে এসে গিয়েছিল, দ্বিতীয় ঢেউ আসার আগে কেন দেশবাসীকে টিকা দেওয়া হল না? এখন তো বিরোধী রাজ্যগুলিকে কম টিকা দেওয়া হচ্ছে।” একইসঙ্গে তাঁর প্রশ্ন, “কেন্দ্রীয় বাজেটে কোভিড টিকার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এছাড়াও ছিল পিএম কেয়ারস। সেই টাকা কোথায় গেল?”








