এই মুহূর্তে কলকাতা

নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সেক্টর অফিসারদের সব গাড়িকে জিপিএস ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।

কলকাতা , ৩ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সেক্টর অফিসারদের সব গাড়িকে জিপিএস ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন এইরকম ব্যবস্থা এই বারেই প্রথম। এরফলে বুথের দায়িত্বে থাকা সেক্টর আধিকারিকদের গতিবিধি নিয়ন্ত্রন করা যাবে। আজ পর্যন্ত সি ভিজিল অ্যাপে যে ৬৭৪টি অভি্যোগ জমা পড়েছে তার মধ্যে ৪৫০টি অভিযোগ সত্যি প্রমানিত হওয়ায় তার সবকটি নিষ্পত্তি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ভোটের পাঁচদিন আগে কমিশনের তরফে ভোটারদের যে স্লিপ দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এইবার সেই স্লিপে ভোটারদের কোন ছবি থাকবে না। প্রথম দফার বিজ্ঞপ্তি জারির পর থেকে গতকাল তিনজন ও আজ চারজন মনোনয়ন জমা দিয়েছেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। আদর্শ আচরন বিধি সব জায়গায় ঠিক ভাবে মানা হচ্ছে কিনা তার উপরে নজরদারির জন্যে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই দিকে আট দফার নির্বাচনে ভিন রাজ্য থেকে প্রায় পাঁচশো জন পর্যবেক্ষক এই রাজ্যে আসছেন। অন্যদিকে রাজ্যের প্রায় ১৯০ জন আধিকারিককে ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর।