কলকাতা, ১০ অক্টোবর:- রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় আরো পনেরোটি অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করে জাতীয় স্বাস্থ্য মিশন থেকে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। পুজোর পরেই কেন্দ্রগুলি নির্মাণ করার কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যেসব গ্রামে এখনো সরকারি স্বাস্থ্যপরিসেবা পৌঁছয়নি দুই জেলার সেই অঞ্চলগুলিকে বেছে নিয়ে এই কেন্দ্রগুলি তৈরি করা হবে। শিলিগুড়ি মহকুমায় পাঁচটি, দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় চারটি এবং কালিম্পং জেলায় এই ধরনের ছয়টি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র তৈরীর জন্য প্রায় একত্রিশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে।








