হাওড়া , ২০ মার্চ:- করোনা সতর্কতা হিসেবে ইতিমধ্যেই রাজ্যের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার সরকারের সেই সদর্থক ভূমিকাকে সমর্থন জানিয়ে এগিয়ে এলেন প্রাইভেট শিক্ষকরাও। হাওড়ায় যে সকল প্রাইভেট টিচাররা বিভিন্ন কোচিং সেন্টার চালান তারা রাজ্য সরকারের এই সদর্থক ভূমিকাকে সমর্থন জানিয়ে আপাতত কয়েকদিন তাদের কোচিং ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অনেক ছাত্র-ছাত্রী তারা স্কুলে পঠন-পাঠনের পাশাপাশি প্রাইভেট কোচিং এ পড়াশোনা করে। এই সমস্ত প্রাইভেট কোচিংগুলিতে প্রচুর ছাত্রছাত্রী একসঙ্গে বসে ক্লাস করে। তাই ভিড় এড়াতে যাতে না কোনওভাবে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে এই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ায় তারই সর্তকতা হিসেবে হাওড়ায় অধিকাংশ প্রাইভেট কোচিং এর শিক্ষকরা তাদের কোচিং কিছুদিনের জন্য বন্ধ রেখেছেন।
এ বিষয়ে এক প্রাইভেট কোচিং এর গণিত শিক্ষক অর্ণব দাস জানিয়েছেন, আমরা সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে কোচিং ক্লাস বন্ধ রাখছি। সরকার থেকে বারবার বলা হচ্ছে ভীড় এড়ানোর জন্য। যেহেতু ক্লাসে অনেক ছাত্রছাত্রী একসঙ্গে বসে পড়াশোনা করে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি করোনা সংক্রমণের হাত থেকে ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে এই ক্লাস কিছুদিনের জন্য বন্ধ রাখার। পাশাপাশি কোচিং সেন্টার চালান আরেক শিক্ষক বলেন, আমরা কোচিং ক্লাসের সঙ্গে যুক্ত প্রাইভেট টিচাররা বৃহস্পতিবারই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এখন আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত ক্লাস বন্ধ রাখব। সরকারের পাশে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। ছাত্রছাত্রীদের স্বার্থে করোনা সতর্কতা হিসাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।








