হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- হালকা শীতের আমেজের মধ্যেই ভোর বেলা দমকা হাওয়া ও এক পশলা বৃষ্টির মধ্যেই মঙ্গলবার শীতলা অষ্টমী তিথিতে ভক্তদের ভিড় জমছিল। ভোরের আলো ফোটা শুরুর পর থেকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লম্বা হয়েছে ভক্তদের লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মন্দিরে ডাব ও গঙ্গা জল দিয়ে শীতলা মা কে পুজো দিয়েছেন অগনিত ভক্তরা। মঙ্গলবার শীতলা অষ্টমী তিথিতে এমনই ছবি দেখা গিয়েছে শ্রীরামপুর চাতরার শীতলা মাতার মন্দিরে। চাতরা তেঁতুল তলা জিটি রোডের সামনে থেকে প্রায় এক কিমি বেশি ছাড়িয়ে ছিল মহিলাদের লম্বা লাইন। সেখানে যুবতী, তরুনী, প্রৌঢ়া, বৃদ্ধা সব বয়সের ভক্তরা ফুল মালার ডালা হাতে নিয়ে মায়ের বিগ্রহ পর্যন্ত যাওয়ার অপেক্ষায় ছিলেন। মন্দিরের উত্তর পশ্চিম দিকে ছিল পুরুষদের লাইন। মহিলাদের তুলনায় ছোট হলেও শীতলা মায়ের পুজো নিয়ে পুরুষদের মধ্যেও ভক্তিভাব ছিল চোখে পড়ার মতো।তবে পুজো প্রাঙ্গণে মানুষের ঢল ও নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় পুলিশি ব্যবস্থা ছিল নজিরবিহীন। মন্দিরের দুই দিকে লোহার ব্যারিকেড তৈরি করে পুরুষ ও মহিলাদের ভিড় সামাল দিতে ধাপে ধাপে ভক্তদের ছাড়া হচ্ছিল।
ফলে প্রতিবছর মন্দিরের চারপাশে যে ভিড়ের চাপ থাকায় ধূপ, মোমবাতি ও বিগ্রহকে প্রণাম করতে অসুবিধা হত।কিন্তু এবারে পুলিশ ব্যারিকেড করে দেওয়ায় মন্দির চত্বরে সুষ্ঠ ভাবে পুজো প্রার্থণা করতে পেরেছেন ভক্তরা। জিটি রোড থেকে মন্দিরে ঢোকার রাস্তায় দুর্ঘটনা মোকাবিলায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। সেখানে পুলিশ কর্মীরা যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। অন্য দিকে মন্দিরের চারপাশে পুলিশ কর্মীরা নজরদারি চালিয়েছেন। ভক্তদের সুবিধার জন্য মহিলা পুলিশ কর্মীও মোতায়েন ছিল। পুলিশ জানিয়েছে কয়েকজন অফিসার পদমর্যাদার পুলিশ মিলিয়ে প্রায় শতাধিক পুলিশ কর্মী মন্দির চত্বরে ডিউটি করছেন। আইন শৃঙ্খলা ও চুরির ঘটনা ঠেকাতে প্রায় ১৬ টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তায়।এ ছাড়া মন্দির কমিটির স্বেচ্ছাসেবকেরা ভিড় নিয়ন্ত্রনে ব্যস্ত ছিলেন। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে শীতলা পুজো উপলক্ষে শ্রীরামপুর নয় সিঙ্গুর, বড়া, বেগমপুর, উত্তরপাড়া, বালি, হাওড়া ডোমজুর প্রভৃতি এলাকা থেকে মানুষের ভিড় উপচে পড়ে শীতলা মন্দিরে।







