হুগলি, ২৯ আগস্ট:- প্রায় এক মাস হতে চলল সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পে এলাকার প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এবং সেই টাকা কিভাবে খরচ করবে তা এলাকাবাসীরাই নির্ধারণ করবেন। শুক্রবার “আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্প অনুষ্ঠিত হলো রিষড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের জনপ্রতিনিধি পৌরপ্রধান নিজেই। সকাল থেকে এলাকার বিপুল সংখ্যক মানুষ এসে তাদের এলাকার সমস্যাগুলো কিভাবে রূপায়িত করা হবে তা লিপিবদ্ধ করেছেন ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের কাছে। এ দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। পাশাপাশি ছিলেন এক্সিকিউটিভ অফিসার সুনীতিকুমার গুছাইত, নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায়, ইঞ্জিনিয়ার মানষ চক্রবর্তী সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান, আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বাংলার মানুষের কিভাবে উন্নয়ন হবে, বাংলার মানুষ কিভাবে সুখে থাকতে পারে তার দিশা তিনি দেখাচ্ছেন।
ইতিমধ্যেই কন্যাশ্রীর মতন প্রকল্প তিনি চালু করেছেন, যা ইউনাইটেড নেশন স্বীকৃতি দিয়েছে। এর সঙ্গে সঙ্গে রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সবুজ সাথী, শ্রমশ্রীর মতন প্রকল্পের সুবিধা রাজ্যের ন কোটি মানুষ পাচ্ছেন। আজকে রিষড়ার সাউ সমাজ ভবনে এবং পূর্ণবাবুর মাঠে অনুষ্ঠিত এই ক্যাম্পে আটটি বুথের মানুষজন উপস্থিত হয়েছিলেন। প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এবং এলাকার মানুষরা তাদের এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কি করে আরো উন্নতি করা যায় এবং যেখানে যেখানে ঘাটতি আছে সেগুলো কিভাবে পূরণ করা যায় সেই বিষয় গুলি ক্যাম্পে লিপিবদ্ধ করেছেন। বিজয় বাবু বলেন প্রায় ৯০ দিন ধরে এই ক্যাম্প হবে, এবং তারপরই বিভিন্ন বুথের বাসিন্দারা তাদের এলাকার উন্নতির জন্য যে যে প্রস্তাবগুলি দিয়েছে সেগুলিকে রূপায়িত করা হবে। এক কথায় এটা একটা অভিনব প্রকল্প যা সারা ভারতবর্ষে কোথাও নেই।






