এই মুহূর্তে কলকাতা

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা , ৫ মে:- রাজভবনের থ্রোন রুমে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথবাক্য় পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।সংক্ষিপ্তশপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। প্রতিহিংসাপরায়ণ না হতে আবেদন জানান তিনি। হিংসা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দেন। তিনি বলেন রাজ্য কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই করোনা অতিমারীর মোকাবিলাই এখন তার প্রাথমিক কাজ।

অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকর ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য নব নিযুক্ত সরকারের কাছে আবেদন জানান।মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। এছাড়াও ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জনা পঞ্চাশ অতিথির উপস্থিতিতে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল অনাড়ম্বর ও সংক্ষিপ্ত।

রাজভবনের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সরাসরি নবান্নে যান। সেখানে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে তাকে গার্ড অফ অনারে স্বাগত জানানো হয়। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর এই বেলা সাড়ে ১২ টা থেকে কোভিড মোকাবিলার কৌশল নিয়ে মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন। পাশাপাশি ভোট-পরবর্তী সন্ত্রাসের কৌশল নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।