এই মুহূর্তে কলকাতা

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন।

কলকাতা, ২১ এপ্রিল:- ভোটের আগে কড়া নজরদারি, বাইক চলাচলে নিষেধাজ্ঞা—নির্বাচন কমিশনের কড়া বার্তা। বিধানসভা নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত পরিবেশ নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকেই মোটরসাইকেল ব্যবহার ও চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকে কোনওরকম মোটরবাইক র‍্যালি সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, জরুরি পরিস্থিতি ছাড়া। দিনের বেলাতেও (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) পিলিয়ন রাইডিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যদিও চিকিৎসা, পারিবারিক প্রয়োজন বা স্কুল পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।

তবে ভোটের দিন কিছুটা শিথিলতা রাখা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবার-সহ পিলিয়ন রাইডিং অনুমোদিত, মূলত ভোটদানে উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, প্রয়োজনে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে এই বিধিনিষেধের বাইরে যাওয়া যাবে। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশিকাকে কঠোরভাবে কার্যকর করতে এবং সর্বস্তরে প্রচার চালাতে। কমিশনের মতে, ভোটের সময় বাইকবাহিনীর মাধ্যমে ভয় দেখানো বা অশান্তি ছড়ানোর অভিযোগ বহুবার উঠেছে। সেই অভিজ্ঞতা থেকেই এবারে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই—ভোটারদের জন্য নিরাপদ ও নির্ভীক পরিবেশ নিশ্চিত করা।