এই মুহূর্তে কলকাতা

কমিশনের যাবতীয় রদবদল পাল্টে ফের প্রশাসনকে পুরনো রূপে ফিরিয়ে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৬ জুন:- লোকসভা নির্বাচনের পর্বে নির্বাচন কমিশনের করা যাবতীয় রদবদল পাল্টে ফের প্রশাসনকে পুরনো রূপে ফিরিয়ে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর বৃহস্পতিবার প্রথমবার নবান্নে যান মুখ্যমন্ত্রী। গিয়েই বৈঠক করেন মুখ্যসচিব সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে। সেখানেই তিনি ওই নির্দেশ দেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ঘটনাচক্রে মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর বৃহস্পতিবারই নির্বাচনের আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন। ফলে প্রশাসনের সম্পূর্ন রাশ ফিরেছে রাজ্য সরকারের কাছে। তাই এখন আর প্রয়োজনীয় রদবদল করতে আর কোনো বাধা নেই। নির্বাচনের সময় আচরণবিধি মেনে রাজ্যের বেশ কয়েকটি জায়গার পুলিশ প্রশাসনে বদলি করেছিল নির্বাচন কমিশন)।

বিশেষত স্পর্শকাতর স্থানগুলিতে পুলিশ সুপার, থানার আইসি, ওসি-দের বদল করা হয়েছিল। কাউকে কাউকে ভোটের কাজ থেকে সম্পূর্ণ দূরে রাখা হয়। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিভিন্ন জনসভা থেকে প্রতিবাদ করেছিলেন। এবার আদর্শ আচরণবিধি উঠে গেলে সেই অফিসারদের আবার নিজেদের জায়গায় ফিরিয়ে আনার তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। এদিন সেসব নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ফলে ওই সব আধিকারিকদের স্বস্থানে ফেরা এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।