হুগলি, ১২ ডিসেম্বর:- দিন কুড়ি আগে বিএসএনএল এর একটি নতুন সিম নিয়েছিলেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ধনঞ্জয় ঘোষ। শনিবার সন্ধায় তার মোবাইলে কে ওয়াই সি আপডেটের জন্য মেসেজ আসে সঙ্গে একটি মোবাইল নম্বর। বিএসএনএল থেকে মেসেজ এসেছে দেখে ওই নম্বরে ফোন করেন ধনঞ্জয় বাবু। নিজের অজান্তেই প্রতারকের ফাঁদে পা দিয়ে দেন। এর পরে অ্যাপ ডাউনলোড থেকে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করা ওটিপি শেয়ার করা মানে যা যা করতে বারন করে সাইবার বিশেষজ্ঞরা সবই করে চলেন প্রতারকের কথা মত।
ফল স্বরূপ সাতবারে মোট ৬৫ হাজার টাকা গায়েব হয়ে যায় তার ব্যাঙ্ক এ্যাকাউন্ট থেকে। শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে এবং চন্দননগর সাইবার সেলে অভিযোগ জানান বৈদ্যবাটি কাজিপাড়ার বাসিন্দা প্রাক্তন ব্যাঙ্ক কর্মি। মোবাইল নম্বর ব্লক হয়ে যাবার ভয়ে অনলাইনে কেওয়াইসি আপডেট করতে গিয়ে প্রতারকের ফাঁদে পড়েন ধনঞ্জয় বাবু।চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে প্রায় প্রতিদিন এই ধরনের অভিযোগ জমা পরছে। পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন ব্যাঙ্ক থেকে সচেতন করতে প্রচার করা হয় তা সত্ত্বেও সাইবার অপরাধ হয়েই চলে।









