স্পোর্টস ডেস্ক, ৩ জুলাই:- মারণ করোনা ভাইরাসকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন শাহিদ আফ্রিদি। আক্রান্ত হওয়ার ১৯ দিনের মাথায় করোনা মুক্ত হলেন প্রাক্তন পাক অল-রাউন্ডার। শাহিদ আফ্রিদির পাশাপাশি করোনা মুক্ত হয়েছেন আফ্রিদির স্ত্রী এবং দুই কন্যাসন্তান। প্রাক্তন পাক অধিনায়ক টুইটারে নিজেই জানালেন সে কথা। গত ১৩ জুন নিজেকে করোনা আক্রান্ত ঘোষণা করেছিলেন তারকা অল-রাউন্ডার। পরবর্তীতে করোনা আক্রান্ত হন আফ্রিদির স্ত্রী এবং দুই কন্যাসন্তান আকসা এবং আনশা। কিন্তু সর্বশেষ করোনা পরীক্ষায় প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন আফ্রিদি। আফ্রিদি বৃহস্পতিবার এক টুইটবার্তায় লেখেন,
‘আলহামদুলিল্লাহ, করোনা আক্রান্ত আমার স্ত্রী এবং দুই কন্যা আকসা এবং আনশার শরীরে পুনরায় যে কোভিড১৯ পরীক্ষা হয়েছে তাতে তারা সম্পূর্ণ সুস্থ।’ প্রায় তিন সপ্তাহ পর স্ত্রী এবং কন্যাসন্তানদের সঙ্গে নিজেও সুস্থ হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আফ্রিদি। অনুরাগীদের উদ্দেশ্যে আফ্রিদি আর বলেছেন, ‘ধন্যবাদ প্রত্যেককে যারা প্রত্যেকে দুঃসময়ে পাশে থেকেছেন, আমাদের জন্য প্রার্থনা করেছেন। সর্বশক্তিমান আপনাদের ভালো রাখুন। আবার পরিবারকে সময় দিতে পারব। আমি আমার ছেলেমেয়েদের খুব মিস করছিলাম।’







