এই মুহূর্তে জেলা

লক্ষীর ভান্ডারের টাকা আত্মসাৎ! রিষড়ায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর

হুগলি, ৩০ মে :- শ্রীরামপুর থানার আইসিকে সুন্দরবনের সিংঘম বলেছিলেন শ্রীরামপুরের সাংসদ। এবার পুলিশের জালে কল্যাণ ঘনিষ্ঠ রিষড়ার কাউন্সিলর পার্থ সারথি গুপ্তা ওরফে পাপ্পু। রিষড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা উর্মিলা দেবী অভিযোগ করেছিলেন তার লক্ষীর ভান্ডারের টাকা অন্য এক জনের একাউন্টে ঢুকছে। এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপ্পুর কাছে গিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ মহিলার। তার টাকা বিজয় সাউ নামে এক ব্যাক্তির একাউন্টে ঢুকলেও সেই টাকা পাননি উর্মিলা দেবী।

তাকে পাঁচ হাজার টাকা দিয়ে মুখ রাখতে বলেছিলেন কাউন্সিলর। বিষয়টি বেআইনি জেনেও মধ্যস্থতা করেছিলেন। গ্রেফতার করা হয়েছে বিজয় সাউ কেও। এর আগে শ্রীরামপুর পুরসভার একজন কাউন্সিলরকে গ্রেফতার করায় শ্রীরামপুর থানায় ডেপুটেশান দিতে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।শ্রীরামপুর থানার আইসির অতিসক্রিতাকে কটাক্ষ করে বলেছিলেন সুন্দরবনের সিংঘম। আর আজ কাউন্সিলরকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ।