হুগলি, ২৫ মে :- আইন শৃঙ্খলার মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বকরি ঈদের আগে প্রশাসনিক বৈঠক করল পুলিশ প্রশাসন। সোমবার শ্রীরামপুর টাউন হলে শ্রীরামপুরের বিধায়ক সহ রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি পুরসভার তিন পুরপ্রধান, উপপুরপ্রধান,পঞ্চায়েত সমিতির সভাপতি, কাউন্সিলর ও মসজিদের ইমামদের নিয়ে প্রশাসনিক বৈঠক হয়।সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ভাস্কর ভট্টাচার্য, পুরপ্রধান বিজয় মিশ্র, গিরিধারী শাহ, পিন্টু মাহাতো,উপপুরপ্রধান উত্তম নাগ, জাহিদ খান সহ ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এসিপি২ অরবিন্দ জি ও শ্রীরামপুর থানার আইসি বাপি রায়। বকরি ঈদে কুরবানি নিয়ে ১৯৫০ সালের আইন মোতাবেক কাজ করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া গবাদি পশু পালনের ক্ষেত্রে সরকারি প্রাণী সম্পদের আইন মেনে লাইসেন্স রাখা বাধ্যতামূলক বলে পুলিশ জানিয়ে দেন। এ ছাড়া ট্রাফিক আইন ভঙ্গ করে দ্রুত গতিতে মোটর সাইকেল চালালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় প্রশাসনিক বৈঠকে।
এর পাশাপাশি রাস্তায় বসে নমাজ পাঠ না করে মসজিদে নমাজ পাঠের কথা বলা হয়। সেখানে উপস্থিত ইমামেরা পুলিশের প্রস্তাব কে সমর্থন করে জানিয়ে দেন তারা সংবিধান ও আইনের পথে চলবেন। সেই সঙ্গে আইন মেনেই শব্দ দূষণের নিয়ম মেনেই তারা মাইকের ব্যবহার করবেন। এ দিন রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র বলেন, শান্তি ও সম্প্রিতীর মধ্যে দিয়ে রিষড়ায় বকরি ঈদ, মহরম, দুর্গাপুজো,কালী পুজো ও জগদ্ধাত্রী পুজো হয়।সকলেই উৎসবে অংশ নেয়। এবারেও সেই পরম্পরা বজায় থাকবে। শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরীধারী শাহ বলেন, সরকারী আইন মেনে কাজ করার বিষয়ে সকলেই সহমত দিয়েছেন। এটা একটা ভালো দিক। সবাই মিলে উৎসবে মাতবে।শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, আইনের শাসনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।









