বীরভূম, ১৬মে :- ফলহারিণী অমাবস্যাকে কেন্দ্র করে সাজো সাজো রব বীরভূমের ঐতিহ্যবাহী শক্তিপীঠ তারাপীঠ মন্দির চত্বরে। মা তারার বিশেষ পূজো উপলক্ষে ইতিমধ্যেই ভক্তদের ঢল নামতে শুরু করেছে। বাংলা জুড়ে তো বটেই, ভিন রাজ্য থেকেও হাজার হাজার পুণ্যার্থী তারাপীঠে পৌঁছচ্ছেন মায়ের দর্শন ও আশীর্বাদ লাভের আশায়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী অমাবস্যা। তন্ত্রসাধনা ও শক্তি উপাসনার ক্ষেত্রে এই তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। তারাপীঠে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। ভোর থেকেই শুরু হয় বিশেষ পূজো, হোম-যজ্ঞ, চণ্ডীপাঠ এবং মায়ের শৃঙ্গার। রাতভর চলে তন্ত্রসাধনাও। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর কয়েক লক্ষ ভক্তের সমাগম হতে পারে। সেই কারণে নিরাপত্তায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোতায়েন থাকছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। মন্দির চত্বর ও আশেপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ভক্তদের লাইনে দাঁড়িয়ে দর্শনের জন্য বিশেষ ব্যারিকেডের ব্যবস্থাও করা হয়েছে। ফলহারিণী অমাবস্যাকে ঘিরে জমে উঠেছে তারাপীঠের ব্যবসাও। হোটেল, লজ, ফুল, প্রসাদ ও পূজোর সামগ্রীর দোকানে ভিড় উপচে পড়ছে। সাধক বামাক্ষ্যাপার সাধনভূমি হিসেবে পরিচিত তারাপীঠে ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য ঘিরে ভক্তদের আবেগ প্রতি বছরই চোখে পড়ে। অনেকেই বিশ্বাস করেন, এই তিথিতে মা তারার আরাধনা করলে জীবনের বাধা-বিপত্তি দূর হয় এবং মনস্কামনা পূরণ হয়। এবারও সেই বিশ্বাসকে সামনে রেখেই লক্ষাধিক ভক্তের সমাগমে মুখর হয়ে উঠেছে তারাপীঠ ধাম।








