হুগলি, ২৮ এপ্রিল:- আগামীকাল সকাল ৭টা থেকে শুরু হবে হুগলি জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট। জেলাজুড়ে মোট ১৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটারের সংখ্যা ৪৩ লক্ষ ৬১ হাজার ৩৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ২১ লক্ষ ৯৯ হাজার ৭০, মহিলা ভোটার ২১ লক্ষ ৬২ হাজার ২৩৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫ জন। ভোটগ্রহণের জন্য জেলাজুড়ে মোট ৫,৫৮২টি বুথ তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫,২৩৮টি স্থায়ী বুথ এবং ৩৪৪টি অতিরিক্ত বুথ, যেখানে ভোটার সংখ্যা ১২০০-র বেশি। এছাড়াও ১,০০০টি বুথ সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে। জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩,১২৬। ভোট পরিচালনার জন্য নিয়োজিত রয়েছেন ২৪,৪৭২ জন ভোটকর্মী। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন সংগ্রহ কেন্দ্র থেকে ইভিএম ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। নিরাপত্তার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
চন্দননগর কমিশনারেটে ৮৭ কোম্পানি এবং হুগলি গ্রামীণ পুলিশ জেলায় ২৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ও লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। বুথের বাইরে ও রাস্তায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। ভোটারদের জন্যও জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। ভোটার কার্ড না থাকলেও আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টসহ যে কোনও বৈধ সরকারি পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে।
বুথে ঢোকার সময় কমিশনের বুথ স্লিপ বা প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটার ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ। ২০০ মিটারের মধ্যে পাঁচজনের বেশি জমায়েত বা রাজনৈতিক দলের ক্যাম্প করাও নিষিদ্ধ। যে কোনও সমস্যায় ভোটাররা নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমের নম্বর ১৯৫০-এ যোগাযোগ করতে পারবেন। সব মিলিয়ে কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যেই প্রস্তুত প্রশাসন।












