এই মুহূর্তে জেলা

স্ত্রীর সঙ্গে ঘোরার মিথ্যা সন্দেহে কাটারির কোপ, অভিযুক্ত স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড।

হুগলি, ১২ মে :- স্ত্রীকে বাইকে করে ঘোরানোর মিথ্যা সন্দেহে এক ব্যক্তিকে কাটারির কোপে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত স্বামী নিরাপদ দাসকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। ঘটনাটি ২০১৮ সালের ১৭ জানুয়ারি। পোলবা থানার যাদবপুর এলাকার বাসিন্দা অরুণ দাস কাজ সেরে বাড়ি ফেরার পথে কামদেবপুর বাজারে একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দা নিরাপদ দাস তাকে আটকিয়ে অভিযোগ করেন, অরুণ নাকি তার স্ত্রীকে বাইকে করে ঘুরিয়েছেন। অভিযোগ অস্বীকার করলে নিরাপদের স্ত্রীকে ডেকে আনা হয়। তিনি স্পষ্ট জানান, অরুণ দাসকে তিনি চিনতেই না এবং স্বামীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এরপর অরুণ দাস সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে হঠাৎই তার উপর চড়াও হয় নিরাপদ দাস। কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ মারলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন অরুণ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করেন। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ঘটনার পর অরুণ দাসের স্ত্রী পোলবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ নিরাপদ দাসকে গ্রেপ্তার করলেও পরে তিনি জামিনে মুক্তি পান। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গতকাল চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল সেশন জজ (ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট) পীযূষ কান্তি রায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ আদালত নিরাপদ দাসকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে অরুণ দাসের পরিবার।