হুগলি, ২ ফেব্রুয়ারি:- আজ থেকে রাজ্যজুড়ে শুরু হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। হুগলি জেলায় এবছর মোট ৬৪৩টি স্কুলের ছাত্রছাত্রী ১৪৫টি পরীক্ষাকেন্দ্রে অংশ নিচ্ছে। জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৫ হাজারেরও বেশি।পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ২৫,৩৪৮ জন এবং মহিলা পরীক্ষার্থী ৩০,২৯৯ জন—অর্থাৎ ছাত্রীর সংখ্যা প্রায় পাঁচ হাজার বেশি।
চুঁচুড়া বিধানসভার অন্তর্গত মোট ১০টি পরীক্ষাকেন্দ্রে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রগুলির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তা, ব্যবস্থাপনা ও পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা খোঁজ নেন। পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁদের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত প্রস্তুতি এবং পর্ষদের নির্ধারিত সমস্ত নিয়ম মেনেই পরীক্ষা পরিচালিত হচ্ছে।
প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় প্রশাসনের পক্ষ থেকেও স্বস্তি প্রকাশ করা হয়েছে। এদিকে, হুগলি শিক্ষা মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা সুবর্ণা কুন্ডু জানান, এ বছর তাঁদের স্কুলে মোট পরীক্ষার্থী সংখ্যা ২৯৭ জন। পরীক্ষা চলাকালীন শিক্ষিকারা সর্বতোভাবে সহযোগিতা করবেন। পাশাপাশি কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা ও সুস্থতার জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। সার্বিকভাবে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তিতে প্রশাসন, অভিভাবক ও পরীক্ষার্থীরা।






