হুগলি, ১৯ মে :- শ্রদ্ধায়, স্মরণে শিলচর দিবস পালন করলো শ্রীরামপুর শহর। মঙ্গলবার সকালে শহরের গঙ্গাতীরের ভাষা বাগানে জড়ো হয়ে শহরবাসী ভাষা স্তম্ভে ফুল দিয়ে অসমের শিলচরের বাংলা ভাষা আন্দোলনের এগারোজন বাঙালি শহিদকে শ্রদ্ধা জানালো। এই অনুষ্ঠানের উদ্যোক্তা শ্রীরামপুরের একটি সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘আ মরি বাংলাভাষা’। এদিনের সকালে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন শ্রীরামপুরের নব নির্বাচিত বিধায়ক ভাস্কর ভট্টাচার্য এবং পুরপ্রধান গিরিধারী সাহা, কাউন্সিলর সিআইসি সন্তোষ কুমার সিং। ছোট্ট স্মরণ অনুষ্ঠানটিতে গান গেয়ে শোনান প্রখ্যাত সঙ্গীতশিল্পী তাপস মুখোপাধ্যায়। দু’কলি রবীন্দ্র সঙ্গীত গেয়ে ওঠেন বিধায়ক ভাস্করবাবুও। এদিন সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হয় সংস্থার অন্যতম সদস্য রুমী লাহিড়ীর বাগান বাড়ির মনোরম পরিবেশে।
সেখানে বাংলা ভাষার বিবর্তন প্রসঙ্গে মনোগ্রাহী বক্তব্য রাখেন প্রাবন্ধিক, কবি বিষ্ণু বিশ্বাস। গান গেয়ে শোনান সঙ্গীতশিল্পী সুমিতা মুখোপাধ্যায়,সংবৃতা রক্ষিত। উদ্বোধনী সংগীত গান শিল্পী ঘোষ। স্বরচিত কবিতা পাঠে ছিলেন ধ্রুব বাগচী,গৌতম সরকার। অনুগল্প পাঠ করেন শিক্ষক সমীরণ লাহা প্রমুখ। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রুমী লাহিড়ী ও অনিন্দ্য রায়চৌধুরী। আ মরির বাংলাভাষা-র সম্পাদক সমীর সাহা বলেন, বাংলা ভাষা, সংস্কৃতির ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের সংস্থার লক্ষ। নিজেদের ইতিহাসকে না জানলে, স্মরণ না করলে একটা জাতিকে এগোতে গিয়ে বারবার হোঁচট খেতে হবে। তাই প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ও ১৯ শে মে শিলচর দিবস পালন করা হয় আমাদের সংস্থার পক্ষ থেকে।










