হুগলি, ২৬ এপ্রিল:- চাপদানির তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুইনের সমর্থনে সভা করলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। রবিবার চাপদানি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জোড়া মন্দির ময়দানে আয়োজিত সভায় একযোগে বিজেপিকে আক্রমণ করেন তেজস্বী। বলেন, বিদ্বেষ ছড়ানো, হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানো বিজেপি সরকারের কাজ। পড়াশুনার ব্যবস্থা করা, ওষুধের ব্যবস্থা করা, রোজগারের ব্যবস্থা করা, সবাই মিলেমিশে থাকুক এটা সরকারের কাজ হওয়া উচিত। কিন্তু এদের কাজ হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাধানো। মাছ খাওয়ার বিরোধিতা করছে। যেখানে নির্বাচন হচ্ছে সেখানে গিয়ে বলছে ঘুষ পেটিয়া চলে এসেছে।
মোদীজি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন। এরা শুধু মিথ্যা কথার রাজনীতি করে। এদের ভাষা অতীব জঘন্য। বলছে চার তারিখ টিএমসি দের উল্টো করে ঝুলিয়ে দেবে। আপনারা সবাই বুদ্ধিমান মানুষ। তাই আপনারা জানেন দিদি পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। এরা সিবিআই, ইডি ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন, পুঁজিপতি সহ কেন্দ্রীয় সমস্ত নেতৃত্ব এমনকি বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে দিদিকে হারানোর জন্য লড়াই করছে। বলছে দিদিকে হাঁটাও। কিন্তু দিদি যা উন্নয়ন করেছে বাংলা থেকে দিদিকে কেউ সরাতে পারবে না। এখান থেকে আবার দিদি জিতবে ২০২৯ এ আমরা কেন্দ্র থেকে মোদিকে সরিয়ে দেব।








