হুগলি, ৩ ফেব্রুয়ারি:- চোখের চিকিৎসক দেবব্রত দত্ত ব্যান্ডেল ইএসআই হাসপাতালে চুক্তির ভিত্তিতে আজই কাজে যোগ দিতে আসছিলেন। হাসপাতালের সামনে অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। বিপদজনক গতিতে আসা একটি বাইক তাকে সপাটে ধাক্কা মারে। ব্যান্ডেল মোড় থেকে চুঁচুড়া দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল বাইকটি। দূর্ঘটনার অভিঘাতে ছিটকে পড়েন চিকিৎসাক ও গাড়ি চালক। মাথার পিছন দিকে গুরুতর চোট পান ডাঃ সুব্রত দত্ত।
তড়িঘড়ি স্থানীয় মানুষদের সহযোগিতায় ই এস আই হাসপাতালেই তাকে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছায় পুলিশ। বাইক চালককে আটক করা হয়েছে। ব্যান্ডেল ইএসআই হাসপাতালের সুপার রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, কাজে যোগ দিতেই আসছিলেন চিকিৎসক দত্ত। তার মাথায় চোট আছে। প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চিকিৎসককে কলকাতার বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হবে।








