এই মুহূর্তে জেলা

হুগলিতে কমছে যক্ষা রোগীর সংখ্যা।

হুগলি, ২৪ মার্চ:- বিগত দু-তিন বছরের পরিপ্রেক্ষিতে জেলায় কমছে যক্ষ্মা (টিবি) রোগীর সংখ্যা। তবে, চলতি বছরের প্রথম আড়াই মাসে সংখ্যাটা আশানুরূপ নয়। সোমবার, বিশ্ব যক্ষ্মা নির্মূলকরণ দিবসে এমনটাই জানালেন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর। এ দিন যক্ষ্মা নিয়ে সচেতনতা বাড়াতে ইমামবাড়া জেলা হাসপাতাল থেকে এক পদযাত্রা বের হয়। সেখানে নার্সিং ছাত্রী সহ হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা হাজির ছিলেন। ঘড়ির মোড় হয়ে মিছিল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে গিয়ে শেষ হয়।

হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, হুগলি শিল্পাঞ্চলের ঘিঞ্জি এলাকায় সাধারণত এই রোগের প্রাদুর্ভাব বাড়ে। ওষুধের পাশাপাশি পুষ্টিজাত খাবারের প্রয়োজন রয়েছে। আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষরাই বেশি আক্রান্ত হওয়ায়, খাবারের জন্য সরকারি ভাবে মাসিক ১ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। কিন্তু বর্তমান বাজারে সেই টাকায় খরচ চালানো সম্ভব হয় না। তাই ‘নিশ্চয় মিত্র’ নামক সরকারি প্রকল্পে যে কেউ অন্তর্ভুক্ত হতে পারেন। সে ক্ষেত্রে ওই মিত্র পছন্দমত রোগীদের মাসিক ৫০০ টাকা হারে খরচ চালানোর দায় নিতে পারেন।