হাওড়া, ৩ ডিসেম্বর:- হাওড়ার আন্দুলের মিলবাজার থেকে সরস্বতী খাল, পাকা ড্রেন তৈরি হলে এবার জল জমার সমস্যা থেকে মিলবে সুরাহা। এই কাজে খরচ ধার্য্য হয়েছে প্রায় ১ কোটি টাকা। হাওড়া পুরসভার উদ্যোগে তৈরি হচ্ছে ওই পাকা ড্রেন। জানা গেছে, হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় এতদিন জল জমার সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন সেখানকার কয়েক হাজার মানুষ। অভিযোগ এসেছিল পুরসভার কাছেও। দাবি উঠেছিল অবিলম্বে কাঁচা ড্রেন পাকা করা হোক। সেইমতো কাজ শুরু করে হাওড়া পুরসভা। মঙ্গলবার সেই কাজ পরিদর্শন করেন পুরসভার উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরীর নেতৃত্বে ড্রেনেজ ডিপার্টমেন্টের আধিকারিকরা।
এই বিষয়ে সৈকত চৌধুরী এদিন বলেন, ‘হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জল জমার সমস্যা সমাধানের লক্ষ্যে মঙ্গলবার আমরা পুরসভার ড্রেনেজ ডিপার্টমেন্টের তরফ থেকে ওই এলাকায় পরিদর্শন করি। আন্দুল মিলবাজার থেকে সরস্বতী খাল পর্যন্ত একটি বড় ড্রেন তৈরি করা হচ্ছে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই কাজ এদিন আমরা পরিদর্শন করলাম। আমরা আশা করছি সেই কাজ শেষ হলে ওই অঞ্চলের মানুষ দীর্ঘদিনের জল জমার সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাবেন। ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেখানে একটি পাকা ড্রেন তৈরি করা। ওই এলাকায় এতদিন কাঁচা ড্রেন ছিল। এই কাজ শেষ হলে ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।’







