চন্দননগর, ১১ নভেম্বর:- সোমবার, সন্ধ্যা ৭ টা নাগাদ চন্দননগরে শুরু হল আলোর যাদু। জগদ্ধাত্রী বিসর্জন শোভাযাত্রায় বিভিন্ন বারোয়ারি নিজেদের আলো ঝলমলে শোভাযাত্রা শুরু করে। ঐতিহাসিক শোভাযাত্রা দেখতে লক্ষাধিক মানুষের ঢল নামে এই শহরে। এ বার চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির আওতাধীন মোট পুজোর সংখ্যা ছিল ১৭৭। এর মধ্যে চন্দননগর থানা এলাকায় ১৪৪ এবং ভদ্রেশ্বরে ৩৩ টি। চন্দননগর থানা এলাকায় ৫৭ এবং ভদ্রেশ্বরের ১২ টি মিলিয়ে মোট ৬৯ টি পুজো কমিটি বিসর্জন শোভাযাত্রায় অংশ নেয়।
বাকিরা আজ সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত এবং আগামীকাল সকাল থেকে সারাদিন প্রতিমা বিসর্জন দিতে পারবে। চন্দননগর ও ভদ্রেশ্বরে ৭ টি করে ১৪ টি গঙ্গাঘাটে বিসর্জন হবে। শোভাযাত্রায় কমিটি পিছু সর্বোচ্চ ট্রাক থাকবে ৪ টি। মোট ২৪৫ টি ট্রাক পথে বের হয়। বিগত দু’দিন ধরে, ট্রাকগুলিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে আলো লাগানোর কাজ চলে। শোভাযাত্রায় ২৫০০ পুলিশ কর্মী ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রায় ৪০০ স্বেচ্ছাসেবক রয়েছে।







