কলকাতা, ১৪ জুন:- রাজভবনে শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বাধা দেওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিলেন রাজ্যপাল৷ সিভি আনন্দ বোস শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানতে চেয়েছেন, রাজভবন প্রয়োজনীয় অনুমতি দেওয়া সত্ত্বেও ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের কেন রাজভবনে প্রবেশ করতে বাধা দিয়েছে পুলিশ? পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘আমি স্তম্ভিত’। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বড়বাজারের মাহেশ্বরী ভবনে গিয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন। তৃণমূলের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে বিজেপি৷ যদিও তা রাজ্যের শাসকদল অস্বীকার করেছে৷ পাশাপাশি তাদের তিনি আশ্বস্তও করেছেন।
এদিন ঘরছাড়াদের সঙ্গে কথা বলে বেরিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস বলেন, “আমি স্তম্ভিত। আমি আক্রান্তদের কথা শুনলাম৷ এটি ঘটনার একটা দিক। আমি রাজ্যপাল পদে রয়েছি৷ তাই নিরপেক্ষভাবে থেকে মন্তব্য করতে হবে। রাজ্যের বক্তব্য কী, সেটাও শুনতে হবে। আমি রাজ্যের থেকে এই বিষয় রিপোর্ট চেয়েছি৷ তাদের আরও খানিকটা সময় দিচ্ছি। রাজ্যের বক্তব্য শোনার পরেই মন্তব্য করব ৷” এই ঘটনায় তৃণমূলের তরফে রাজ্যপালকে কটাক্ষ শুনতে হয়েছে মাহেশ্বরী ভবনে যাওয়া নিয়ে৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “তিনি পার্টির কলিগদের দেখতে গিয়েছিলেন। মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন ৷”










