হুগলি, ১২ এপ্রিল:- হুগলিতে ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল বিজেপি। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, অবশেষে রবিবার তা বাস্তবায়িত হল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হুগলি জেলা বিজেপির সহ-সভাপতি সুরেশ সাউ। সপ্তগ্রামের ডানলপ কোয়ার্টার গ্রাউন্ডে আয়োজিত এক জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি ঘাসফুল শিবিরে নাম লেখান।
শুধু সুরেশ সাউই নন, তাঁর সঙ্গে বিজেপির একাধিক পদাধিকারী ও কয়েকশো কর্মী-সমর্থকও এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। দলবদলের এই ঘটনায় নির্বাচনের ঠিক আগে হুগলি জেলার গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন ধরেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রথম দফার ভোটের আগে এই যোগদান তৃণমূলের সংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে, পাশাপাশি বিজেপির জেলা স্তরের কাঠামোয় প্রভাব ফেলতে পারে।











