স্পোর্টস ডেস্ক , ৮ আগস্ট:- আইপিএল থেকে সরে গিয়েছে ভিভো। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে বছরে ৪৪০ কোটি টাকার চুক্তি রয়েছে ভিভোর। তারা সরে দাঁড়ানোয় সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজন নিয়ে সমস্যায় বোর্ড। কারণ, দ্রুত এত বড় অঙ্কের টাইটেল স্পনসর খুঁজে পাওয়া সহজ নয়। এবার বিসিসিআই এর চিন্তা বাড়িয়ে আইপিএলের অন্য চিনা স্পনসররাও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। সূত্রের খবর, এ বারের আইপিএল থেকে অনএয়ার বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকে সরে যেতে পারে তারাও।
চিনা ব্র্যান্ডগুলো প্রতিযোগিতা চলাকালীন অন-এয়ার বিজ্ঞাপন দেয়, তারা সরে গেলে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস চাপে পড়বে। ভিভো সরে গেলেও এখনও ওপো, রিয়েল মি, সাওমি, হুয়াওয়েই, লেনোভোর মতো চিনা ব্র্যান্ড জড়িয়ে আছে আইপিএলের সঙ্গে। চিনা ব্র্যান্ডের বিরুদ্ধে ভারতে যে আবেগ রয়েছে, তা ভাবাচ্ছে এই ব্র্যান্ডগুলোকে। বর্তমান পরিস্থিতিতে চিনা ব্র্যান্ডগুলো যে আইপিএল ২০২০-তে বিজ্ঞাপন দিতে চাইছে না, তা জানা গিয়েছে ইনসাইড স্পোর্ট-এ প্রকাশিত এক বিপোর্টে। তাতে বলা হয়েছে, ভিভো ও ওপো মিলে গত মরসুমের আইপিএলের সময় ২৪০ কোটি টাকা বিজ্ঞাপন খাতে খরচ করেছিল। কিন্তু, এ বার তারা সম্পূর্ণ দূরে সরে থাকছে প্রতিযোগিতা থেকে।





