হাওড়া,৯ ডিসেম্বর:- দিদিকে বলোতে সাহায্য চেয়ে মেয়ের বিয়ের জন্য ২৫ হাজার টাকা পেলেন বালির এক হতদরিদ্র পরিবার । অবসরপ্রাপ্ত স্বামী আর বিবাহযোগ্যা কন্যা, প্রায় অসহায় কপর্দকশূন্য মা তার মেয়ের বিয়ের খরচ জোগাতে নাস্তানাবুদ হচ্ছিলেন । অথচ আর সপ্তাহ খানেকও বাকি নেই বিয়ের। অসহায় পরিবার দ্বারে দ্বারে ঘুরছিলেন সাহায্যের জন্য। হঠাৎই তাঁরা খবর পান প্রাক্তন পুরপিতা কৈলাস মিশ্র দিদিকে বলো অনুষ্ঠানে প্রচারে এসেছেন এলাকায় । পরিবারটি তাঁর সঙ্গে যোগাযোগ করে।
সমস্ত বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ কৈলাশবাবু উপযুক্ত জায়গায় বিষয়টি জানান। তারপর সোমবার রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকার সাহায্য এসে পৌঁছাল পরিবারের কাছে । কৈলাশবাবু সেই টাকার চেক এদিন পরিবারের হাতে তুলে দেন। দুশ্চিন্তার মেঘ সরে যাওয়ায় এখন খুশিতে উচ্ছ্বল গোটা পরিবার। বালির গোস্বামীপাড়া রোডের বাড়িতে এখন আনন্দে উদ্বেল পরিবার।



