হুগলি, ৩ ফেব্রুয়ারি:- বুধবার চন্দননগর হাসপাতাল রোড থেকে শুরু হওয়া এক মিছিলে দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সহ রাজ্য ও স্থানীয় স্তরের একাধিক নেতা-কর্মী। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিল চলাকালীন পথচলতি সাধারণ মানুষ, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের কাছে দলের পক্ষ থেকে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়। মোহাম্মদ সেলিম নিজে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দলের রাজনৈতিক অবস্থান ও বর্তমান পরিস্থিতিতে সংগ্রামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি বলেন, মানুষের স্বার্থরক্ষায় লড়াই চালিয়ে যেতে দলের সংগঠনকে আরও শক্তিশালী করা জরুরি, আর সেই লক্ষ্যেই এই অর্থ সংগ্রহ অভিযান। দলের নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, সংগৃহীত অর্থ সাংগঠনিক কাজকর্ম, আন্দোলন ও জনসংযোগমূলক কর্মসূচিতে ব্যবহার করা হবে। এদিনের কর্মসূচিতে স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব ছাড়াও যুব ও ছাত্র সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষ পর্যন্ত নির্দিষ্ট স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।







